সম্প্রতি হায়দরাবাদে নিজের নতুন ছবি ‘মা ইন্টি বাঙ্গারাম’-এর সাফল্য উদ্যাপন অনুষ্ঠানে অংশ নেন সামান্থা। সেখানে কর্মজীবন, সম্পর্ক এবং আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, একটি সম্পর্ক টিকিয়ে রাখতে দুজন মানুষের সমান প্রচেষ্টা প্রয়োজন। পাশাপাশি একজন নারীর নিজের আত্মবিশ্বাস ও স্বতন্ত্র পরিচয় গড়ে তোলাও জরুরি, যাতে তিনি নিজেই একজন পরিপূর্ণ মানুষ হিসেবে জীবনযাপন করতে পারেন।
সামান্থা বলেন, কর্মজীবন ও সম্পর্ক—দুটিই জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তবে সম্পর্ক সবসময় একজনের নিয়ন্ত্রণে থাকে না। একটি সম্পর্ক সফল করতে উভয়ের সমান দায়িত্ব থাকে। তাই অন্য কারও ওপর নির্ভর না করে আগে নিজেকে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, একসময় হয়তো জীবনের উপযুক্ত মানুষের সঙ্গে দেখা হবে। কিন্তু যদি মনে করা হয়, অন্য কেউ এসে জীবনকে সম্পূর্ণ করবে, তাহলে সম্পর্কের ওপর অপ্রয়োজনীয় প্রত্যাশার চাপ তৈরি হয়। আর সেই চাপ কোনো সম্পর্কের জন্যই ইতিবাচক নয়।
সামান্থার এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শোভিতা ধুলিপালার বিয়ের সময় দেওয়া একটি বক্তব্যের সঙ্গে এর মিল খুঁজতে শুরু করেন। ওই বক্তব্যে শোভিতা বলেছিলেন, তিনি নিজে একজন পরিপূর্ণ মানুষ হলেও স্বামী নাগা চৈতন্য তাঁর জীবনে বিশেষ স্থান দখল করে আছেন। তাঁর অনুপস্থিতিতে এক ধরনের শূন্যতা অনুভব করেন বলেও জানিয়েছিলেন তিনি।
বিতর্ক বাড়তে থাকায় শোভিতা ধুলিপালার পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে দাবি করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পাদনা করে প্রসঙ্গের বাইরে উপস্থাপন করা হয়েছে। পুরো বক্তব্য না শুনে ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়। এ কারণে সম্পূর্ণ ভিডিও দেখে মত গঠনের আহ্বান জানিয়েছে শোভিতার পক্ষ।