গত কয়েক বছর ধরেই উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমানকে ঘিরে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও দুজনই বরাবর এই সম্পর্ককে বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ বলে উল্লেখ করেছেন। সামাজিক বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে থাইল্যান্ডে একান্ত সময় কাটানোর ছবিও সামনে এসেছে, তবে প্রেম নিয়ে প্রকাশ্যে কখনোই মুখ খোলেননি তাঁরা। অবশেষে সেই গুঞ্জনে আনুষ্ঠানিকতার ছোঁয়া লাগতে যাচ্ছে।
আগামীকাল বুধবার বিয়ের পিঁড়িতে বসছেন রাফসান সাবাব ও জেফার রহমান। দুজনের ঘনিষ্ঠজন বিষয়টি একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জানা গেছে, প্রায় এক সপ্তাহ ধরেই বিয়ের প্রস্তুতি চলছিল। ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। অনুষ্ঠান শেষ হওয়ার পর দুজনই আনুষ্ঠানিকভাবে সুখবরটি প্রকাশ করবেন।
এর আগে ২০২৩ সালের শেষদিকে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্যজীবনের ইতি টানেন রাফসান সাবাব। বিচ্ছেদের বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানান তিনি। সেখানে রাফসান লেখেন, এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে অনেক ভেবেচিন্তে আলাদা হয়ে যাওয়াকেই দুজনের জন্য সুন্দর সমাধান মনে হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, তাঁদের তিন বছরের সংসারজীবনের শেষটা সম্মানজনকভাবেই হোক—এটাই তাঁর কামনা।
বিচ্ছেদের খবর প্রকাশের পর রাফসানের সাবেক স্ত্রী সানিয়া সুলতানা এশাও মুখ খোলেন। তিনি জানান, বিচ্ছেদ তাঁর ইচ্ছায় হয়নি। ঠিক সেই সময় থেকেই গায়িকা জেফার রহমানের সঙ্গে রাফসানের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। সামাজিক মাধ্যমে কেউ কেউ মন্তব্য করেন, জেফারের সঙ্গে সম্পর্কের কারণেই নাকি রাফসানের দাম্পত্য জীবনের ইতি ঘটে।
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার পর এবার সেই সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে—এমনটাই বলছেন তাঁদের ঘনিষ্ঠ মহল।
সূত্র: প্রথম আলো