আবারও মা হচ্ছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে দেশীয় চলচ্চিত্র অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে। আলোচনায় আরও উঠে এসেছে, নতুন সন্তানের বাবা নাকি তার সাবেক স্বামী চিত্রনায়ক শাকিব খান। ভারতীয় একাধিক অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সম্প্রতি এমন খবর প্রকাশিত হয়েছে, যেখানে দাবি করা হয় বাংলাদেশের নায়িকা বুবলী ফের মা হতে যাচ্ছেন।
শাকিব খানের সাবেক দুই স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর ঘরে রয়েছে একটি করে সন্তান, যাদের বাবা শাকিব খান। দীর্ঘদিন ধরেই এই তিনজনকে ঘিরে নানা আলোচনা ও টানাপোড়েন চলছে। শাকিব খান দাবি করেন, দুজনই তার প্রাক্তন স্ত্রী। কিছুদিন আগে দ্বিতীয় স্ত্রী শবনম বুবলী ও পুত্র বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটান তিনি। সে সময়ের ব্যক্তিগত মুহূর্তের ছবিও বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন।
সম্প্রতি দেশের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে নৃত্য পরিবেশন করেন বুবলী। ঘাগরা পরিহিত সেই অনুষ্ঠানে দর্শকদের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ্যে আসার পরই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশের দাবি, বুবলী অন্তঃসত্ত্বা। এই দাবিকে কেন্দ্র করেই ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
তবে এসব খবরে বিরক্তি প্রকাশ করেছেন শবনম বুবলী। তিনি জানান, তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের গুজব ছড়ানো হয়েছে এবং এবারের খবরটিও সম্পূর্ণ ভিত্তিহীন। এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই বলে তিনি স্পষ্ট করেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শবনম বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তারা সন্তানের বাবা-মা হন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের ছবি প্রকাশ করে জানান, তাদের ছেলের নাম শেহজাদ খান বীর।
প্রথমবার মা হওয়ার আগেও বুবলীর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নানা আলোচনা হয়েছিল। তখন তিনি স্বামী বা সন্তানের বাবার পরিচয় প্রকাশ করেননি। পরবর্তীতে সন্তানসহ গণমাধ্যমের সামনে এসে জানান, শাকিব খানই তার স্বামী। সেই অভিজ্ঞতার কারণেই এবারও তার মা হওয়া নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে বলে মনে করছেন অনেকে।