ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্র পাহারা দিতে দলের নেতা-কর্মী ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে শুধু ভোট দিয়ে চলে এলে হবে না, ভোটের হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নেওয়া পর্যন্ত সেখানে উপস্থিত থাকতে হবে।
আজ সোমবার (২৬ জানুয়ারি) নোয়াখালীর হাতিয়ায় বিএনপির নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। তিনি দলের নেতা-কর্মী ও ভোটারদের উদ্দেশে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে এবং এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তারেক রহমান বলেন, দেশের মানুষের ভোটের অধিকার ও কথা বলার স্বাধীনতা এক সময় কেড়ে নেওয়া হয়েছিল। যারা সেই কাজ করেছে, তারা দেশ ছেড়ে চলে গেছে। তবে এখন আরেকটি গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়। এসব অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ভোট দেওয়ার পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশনা দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, শুধু ভোট দিয়ে চলে আসলেই দায়িত্ব শেষ নয়। ভোট দেওয়ার পর কেন্দ্রে অবস্থান করে নিজের দেওয়া ভোটের সঠিক হিসাব নিশ্চিত করতে হবে।
তারেক রহমান আরও বলেন, দেশটি সবার এবং সকল ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে দেশ গড়ে তুলতে হবে। সবার পরিশ্রমেই এই দেশ এগিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, এই দেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা।
উল্লেখ্য, ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করেন তারেক রহমান। সেদিন সিলেট থেকে ঢাকার পথে আরও ছয়টি পৃথক সমাবেশে অংশ নেন তিনি। গতকাল রোববার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে সমাবেশ শেষ করে ফেনী, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে নির্বাচনী সভায় যোগ দেন। এর ধারাবাহিকতায় আজ নোয়াখালীর হাতিয়ার জনসভায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি চেয়ারম্যান।