শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হন। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের চৌরাঙ্গী এলাকায় এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা এবং খুলনায় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক মোতালেব শিকদারের ওপর গুলির ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে এনসিপির নেতাকর্মীরা সন্ধ্যায় চৌরাঙ্গী এলাকা দিয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিলেন।
মিছিল চলাকালে এক ছাত্রদল কর্মীর মোটরসাইকেল ঢুকে পড়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হলে অন্তত পাঁচজন আহত হন। এ ঘটনার জন্য দুই পক্ষই একে অপরকে দায়ী করেছে।
জেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল তালুকদার বলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় ছাত্রদলের এক কর্মীকে আটকে রাখা হয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেলে এনসিপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
অন্যদিকে এনসিপির জেলা কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন, ছাত্রদলের এক কর্মী মোটরসাইকেল নিয়ে তাদের মিছিলে ঢুকে এক কর্মীর ওপর হামলা চালান। পরে তাকে আটক করলে ছাত্রদলের সদস্য সচিব সোহেল তালুকদার ও তার সঙ্গে থাকা লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, এনসিপির মিছিলে একটি মোটরসাইকেল ঢুকে পড়াকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।