শরীয়তপুর–৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ আজহারুল ইসলামকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ডামুড্যা পৌরসভা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে তার নির্বাচন করা না করা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।
তিনি বলেন, বিভিন্ন এলাকায় গিয়ে অপপ্রচার চালানো হচ্ছে যে, শরীয়তপুর–৩ আসনে জামায়াত বা দাঁড়িপাল্লা প্রতীকের কোনো প্রার্থী নেই। এসব অপপ্রচারের জবাবে তিনি স্পষ্টভাবে জানান, তিনি এই আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে রয়েছেন এবং নির্বাচনের শেষ পর্যন্ত মাঠেই থাকবেন।
মুহাম্মদ আজহারুল ইসলাম আরও বলেন, আল্লাহর ইচ্ছায় সাধারণ মানুষের ভোট ও ভালোবাসা নিয়ে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন—এ বিশ্বাস তার রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শরীয়তপুর–৩ আসনের নির্বাচন কমিটির প্রধান ও জেলা জামায়াত নেতা কাজি ইলিয়াস, ডামুড্যা পৌর আমির আতিকুর রহমান কবির, ডামুড্যা উপজেলা আমির মাওলানা সাইফুল ইসলাম, শিক্ষাবিদ ও গবেষক ড. জুলফিকার হাসান এবং আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট শাহজালাল।