আগামী ১২ ফ্রেবুয়ারী (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগের দিন বুধবার গভীর রাতে গাজীপুরের শ্রীপুরে নির্বাচনী টাকা বিলির সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর দুই কর্মীকে আটক করা হয়েছে।
আটককৃতদের নাম জহিরুল ইসলাম পায়েল, আর রিয়েল আহমেদ। তারা নগদ পাঁচ লাখ টাকা নিয়ে অবস্থান করছিলেন বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।
শ্রীপুর মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্বাচনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যেই এই অর্থ বিতরণ করা হচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পায়েল ও রিয়েলের বিষয়ে জানতে গাজীপুর-৩ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে আরও তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।