কক্সবাজারের চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের গাড়িবহরে হামলা চালিয়েছে বিএনপি সমর্থকরা । এ হামলায় প্রার্থী নিজে বাঁচলেও গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকরা গুরুতর আহত হন। এ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের আর রায়েদ মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিকরা হলেন: দ্য এশিয়ান এজ এর বশির আল মামুন, দৈনিক ডেসটিনি এর এসএম রুহুল কাদের ও দৈনিক নিরপেক্ষ এর মোহাম্মদ কফিল উদ্দিন। তাদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একজনের মাথায় গভীর আঘাতের কারণে সেলাই দিতে হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধানের শীষের সমর্থকরা পৌরসভার ওই এলাকায় অবস্থান নিয়েছিলেন। ওই সময় জামায়াত প্রার্থীর গাড়িবহর সেখানে পৌঁছালে পিছন থেকে হামলা চালানো হয়। হামলার সময় কয়েকজন সাংবাদিক ভিডিও ধারণ করছিলেন, যা দেখে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয়। হামলাকারীরা ধানের শীষের স্লোগান দিয়ে সাংবাদিকদের মারধর করেন।
ঘটনার পর ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং কিছু সময়ের জন্য ভোটগ্রহণ ব্যাহত হয়। পুলিশ, সেনাবাহিনী ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।