নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১০ জুলাই) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে অভিযান পরিচালনার মাধ্যমে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ ঘটনার তদন্ত, গ্রেপ্তার এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন।
উল্লেখ্য, নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার হন বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।