জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে প্রকাশ্যে সংঘটিত একটি অপ্রীতিকর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর কলেজ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতির সমাধান হয়েছে।
রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসের ভেতরে ধারণ করা ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
বিষয়টি কলেজ প্রশাসনের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে ঘটনার সত্যতা যাচাই ও অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধানে জানা যায়, ভিডিওতে দেখা দুজনের মধ্যে একজন সরকারি আশেক মাহমুদ কলেজের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী এবং অপরজন তার স্বামী।
এ প্রেক্ষিতে সোমবার কলেজ প্রশাসন একটি জরুরি সভা আহ্বান করে। সভায় সংশ্লিষ্ট শিক্ষার্থী দম্পতিকে উপস্থিত করা হলে তারা প্রশাসনের সামনে নিজেদের ভুল স্বীকার করেন। তারা জানান, ওই দিন তাদের প্রথম বিবাহবার্ষিকী ছিল এবং আবেগের বশবর্তী হয়ে তারা এমন আচরণ করেছেন। ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে তারা প্রতিশ্রুতি দেন এবং ক্ষমা প্রার্থনা করেন।
এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম মীর তাদের ভর্ৎসনা করেন এবং ছাড়পত্র নিয়ে কলেজ ত্যাগের নির্দেশ দেন। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে শালীন ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবি জানালে অধ্যক্ষ শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কলেজ প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।