মিরিঞ্জা ভ্যালি—বান্দরবানের লামা উপজেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ৮০০ ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি ভ্যালিটি বর্তমানে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্পট হিসেবে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। পাহাড়, আকাশ ও মেঘের অপূর্ব মেলবন্ধনে গড়ে উঠেছে এক স্বপ্নিল পরিবেশ, যা প্রতিনিয়ত ভ্রমণপিপাসুদের টানছে।
প্রকৃতির অপরূপ সাজে ঘেরা এই ভ্যালিতে যেকোনো সময়ই মেঘ ছুঁয়ে দেখার অভিজ্ঞতা পাওয়া যায়। কখনো ঝলমলে রোদ, কখনো হালকা বৃষ্টি—আবহাওয়ার এই বৈচিত্র্যই মিরিঞ্জাকে করে তুলেছে আরও রহস্যময়। ভোরবেলায় পুরো এলাকা সাদা মেঘের চাদরে ঢেকে যায়। জনপ্রিয়তা ও প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে অনেকের কাছে এটি এখন সাজেক ভ্যালি-র সঙ্গে তুলনীয় হয়ে উঠেছে।
সমৃদ্ধ পর্যটন এলাকা
মিরিঞ্জা ভ্যালির আশপাশের পাহাড়ঘেঁষা এলাকায় গড়ে উঠেছে অসংখ্য রিসোর্ট ও জুমঘর। নিকটবর্তী সুখিয়া ভ্যালি এবং মাতামুহুরী নদী তীরবর্তী মনোরম দৃশ্য এই এলাকাকে পর্যটকদের কাছে একাধিক গন্তব্যের সমন্বিত ভ্রমণস্পটে পরিণত করেছে।
মিরিঞ্জা ভ্যালি যাওয়ার উপায়
- ঢাকা থেকে আলীকদমগামী বাসে উঠে মিরিঞ্জা বাজারে নামা যায়। সেখান থেকে ট্রেকিং অথবা মোটরসাইকেলে মাত্র কয়েক মিনিটের পথ।
- আলীকদমগামী বাস না পেলে কক্সবাজারগামী যেকোনো বাসে চকরিয়া নেমে জিপ, চান্দের গাড়ি, বাস বা সিএনজিতে মিরিঞ্জা যাওয়া যায়।
- চকরিয়া–মিরিঞ্জা:
- সময়: ৪০–৫০ মিনিট
- জিপ/বাস ভাড়া: ৬০–৮০ টাকা
- সিএনজি: ৯০–১০০ টাকা
- বাজার থেকে রিসোর্ট: হাঁটা ১০ মিনিট / মোটরসাইকেল ১০০–৩০০ টাকা
দূরত্ব:
- ঢাকা–মিরিঞ্জা: ৩৭০ কিমি
- চট্টগ্রাম–মিরিঞ্জা: ১১৫ কিমি
- কক্সবাজার–মিরিঞ্জা: ৬৪ কিমি
রিসোর্ট ও থাকার ব্যবস্থা
বর্তমানে মিরিঞ্জা ভ্যালিতে ৪০টিরও বেশি রিসোর্ট ও জুমঘর রয়েছে। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে নতুন রিসোর্টও গড়ে উঠছে।
ভাড়া:
- জুমঘর: ১,৫০০–৩,০০০ টাকা (৪–১০ জন)
- প্রিমিয়াম রুম/কটেজ: ৩,০০০–৬,০০০ টাকা
- তাবু: জনপ্রতি ৩০০–৯০০ টাকা
জনপ্রিয় রিসোর্টসমূহ
- মিরিঞ্জা হিল রিসোর্ট – জুমঘর ২,০০০ টাকা (৬–৭ জন)
- মারাইংছা হিল রিসোর্ট – পড/কটেজ ৩,০০০–৫,০০০ টাকা, তাবু ৯০০ টাকা
- লামা হিল স্টেশন – পড/কটেজ ২,৫০০–৪,৫০০ টাকা, জুমঘর ২,০০০ টাকা
- চুংদার বক রিসোর্ট – পড/রুম ৪,৫০০–৬,৫০০ টাকা
- মিরিঞ্জা মেঘ মাচাং রিসোর্ট – কটেজ ৩,৫০০–৬,০০০ টাকা, তাবু সহ তিন বেলা খাবার ১,১০০ টাকা
এছাড়া ডেঞ্জার হিল রিসোর্ট, আগারং রিসোর্ট, মেঘকুঞ্জ, মিরিঞ্জা হ্যাভেন, হাফং রিসোর্টসহ আরও বেশ কিছু রিসোর্ট রয়েছে। ছুটির মৌসুমে আগেভাগে বুকিং দেওয়া উত্তম।
বিশেষভাবে উল্লেখযোগ্য মিরিঞ্জা সানসেট রিসোর্ট—এখানকার কাঁচঘেরা লাক্সারি কটেজ থেকে শুয়ে শুয়েই মেঘ দেখার অনন্য অভিজ্ঞতা পাওয়া যায়, যা পুরো মিরিঞ্জা রেঞ্জে একমাত্র।
খাবার ব্যবস্থা: প্রায় সব রিসোর্টেই তিন বেলা খাবারের প্যাকেজ রয়েছে।
- নাশতা: খিচুড়ি/ডিম
- দুপুর: ভাত, ডাল, মুরগি, সবজি
- রাত: বারবিকিউ/চিকেন/পরোটা
- খরচ: জনপ্রতি ৭০০–১,২০০ টাকা
নিকটবর্তী দর্শনীয় স্থান
মারাইংতং পাহাড়
আলীর গুহা
ডিম পাহাড় হয়ে বান্দরবান ট্রেইল
কাছেই রয়েছে কক্সবাজার, চাইলে ভ্রমণ তালিকায় যুক্ত করা যায়
ভ্রমণ ও নিরাপত্তা টিপস
পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন
জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি রাখুন
বর্ষায় পাহাড়ি রাস্তা পিচ্ছিল—সতর্ক থাকুন
পর্যটক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, লামা থানা ও স্থানীয় নিরাপত্তাকর্মীদের সমন্বয়ে নিয়মিত টহল কার্যক্রম চলছে। মিরিঞ্জা সানসেট রিসোর্টের মালিক এন ইসলাম জিসান জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়।