ভারতীয় আধিপত্যবিরোধী সংগ্রামের প্রাণপুরুষ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা উপজেলা মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে মিলিত হয়। সেখানে দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত কুড়িগ্রাম–রংপুর মহাসড়ক ব্লকেড করে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়।
এ সময় ‘লীগ ধর, জেলে ভর’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘ওসমান হাদির রক্ত, বৃথা যেতে দেব না’—এমন নানা স্লোগানে শাপলা চত্বর এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।
ব্লকেড কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক লোকমান হোসেন লিমন, সদস্যসচিব খন্দকার আল ইমরান, সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ হাসান, সদস্যসচিব সাদিকুর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মোশারফ হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহ. শাহজালাল সবুজ, নাগরিক পার্টির সদস্যসচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল ও যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তৌহিদসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, “আমরা অবিলম্বে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা শান্ত হব না। অবিলম্বে খুনিদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
তারা কুড়িগ্রাম প্রশাসনের উদ্দেশে বলেন, “কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) আওয়ামী লীগ ও ছাত্রলীগের পৃষ্ঠপোষকতা করছেন। ফ্যাসিস্ট অপশক্তিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিচ্ছে, অথচ তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”