মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার ভিটি শিলমন্দি এলাকার মিনার মসজিদসংলগ্ন একটি মুদি দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— হাটলক্ষীগঞ্জ এলাকার মন্নান শেখের ছেলে মো. সিদ্দিক আলী (২৮), নতুনগাঁও এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে আব্দুল হান্নান (৪২), একই এলাকার মৃত কেরামত আলীর ছেলে মো. কাউসার আহমেদ (৩২) এবং রতন মিয়ার ছেলে মো. ইয়াসিন মিয়া (৩০)। গ্রেপ্তারকৃতরা সবাই মুন্সীগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলাজুড়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযানে নামে। ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অবস্থান নেন এবং সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি করে ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে, মুন্সীগঞ্জকে মাদকমুক্ত করতে অভিযান আরও জোরদার করা হবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।