যশোরের মনিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ বৈরাগী (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রানা প্রতাপের মাথায় একাধিক গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে সাতটি গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু জানান, রানা প্রতাপ গত দুই বছর ধরে কপালিয়া বাজারে একটি বরফকল পরিচালনা করে আসছিলেন। সোমবার সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে বরফকল থেকে ডেকে বাজারের একটি ক্লিনিকসংলগ্ন গলির মুখে নিয়ে যায়। সেখানে নিয়ে তাঁকে গুলি করে হত্যা করা হয়।
প্রত্যক্ষদর্শী রিপন হোসেন সাজু জানান, হত্যাকারীরা একটি মোটরসাইকেলে করে এসে রানাকে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে পাশের একটি গলিতে নিয়ে যায়। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা রানার মাথায় কয়েকটি গুলি করে মনিরামপুরমুখী সড়ক ধরে পালিয়ে যায়। ঘটনাস্থলে রানার মরদেহের পাশে সাতটি গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে।
ওসি রজিউল্লাহ খান বলেন, বরফকল মালিক রানা প্রতাপ বৈরাগীকে দুর্বৃত্তরা মাথায় একাধিক গুলি করে হত্যা করেছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। রানা প্রতাপ কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের স্কুলশিক্ষক তুষার বৈরাগীর ছেলে এবং মনিরামপুরের কপালিয়া বাজারে তাঁর বরফকল ছিল।