ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ১০ জন সংসদ সদস্য পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তারের কার্যালয়ে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এরশাদ উল্ল্যাহ, স্বতন্ত্র প্রার্থী আশরাফ ছিদ্দিকী এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী রেজাউল করিম।
অপরদিকে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক (স্বতন্ত্র প্রার্থী) শাহিদুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ শাহাদাৎ হোসেন, মুসলিম লীগ মনোনীত প্রার্থী শেখ জুলফিকার বুলবুল চৌধুরী এবং জাসদ (আ স ম আবদুর রব) মনোনীত প্রার্থী এ কে এম আবু ইউসুফ।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, সোমবার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ওই দিন আমাদের কার্যালয়ে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকি প্রার্থীরা চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।