মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব পাশে হান্নান মাতুব্বরের বাড়ি যাওয়ার রাস্তার মুখে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি মো. আনিসুর রহমান (৪৩)। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তার হেফাজত থেকে ১০০ বোতল কোডিন ফসফেট ও ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ (ফেনসিডিল) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।
মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা পুলিশ আরও জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।