মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোররাত থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা র্যাব কোম্পানির কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, অভিযানের সময় একটি পুকুরে অস্ত্রগুলো লুকানো অবস্থায় পাওয়া যায়। পরে পাশের আরেকটি পুকুরে অভিযান চালিয়ে আরও কয়েকটি অস্ত্রোপকরণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, দুটি একনালা বন্দুক, ছয়টি ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি এবং ৩৩টি দেশীয় অস্ত্র।
র্যাব–১১ সিপিসি–২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো নির্বাচনকে কেন্দ্র করে কোনো নাশকতার উদ্দেশ্যে আনা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্তকরণ ও গ্রেপ্তারের জন্য তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অস্ত্র উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই সাম্প্রতিক সময়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।