কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল কালামের পক্ষে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আরও দুই প্রার্থী।
সোমবার বিকেলে লাকসাম পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি সভায় গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী আবদুল্লাহ আল হাসান এবং স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীকের আবুল কাশেম আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এর আগে একই আসনে বিএনপির ‘বিদ্রোহী’ ফুটবল প্রতীকের প্রার্থী সামিরা আজিম দোলা প্রতীক পাওয়ার পরই ধানের শীষে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। প্রচারের শেষ দিনে এক নির্বাচনি সভায় তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, “তারেক রহমান ও আবুল কালাম চাচাকে জয়ী করতে ধানের শীষে ভোট দিন। আমরা সবাই মিলে বিএনপিকে জয়ী করতে চাই।”
গণঅধিকার পরিষদের প্রার্থী আবদুল্লাহ আল হাসান বলেন, “ধানের শীষের প্রার্থী আবুল কালাম লাকসাম–মনোহরগঞ্জের যোগ্য সেবক ও অভিভাবক। তাই আমার ভোটারদের অনুরোধ করছি, আমাকে নয়—ধানের শীষে ভোট দিন।”
স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম বলেন, “আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আমার ভোটাররাও ধানের শীষে ভোট দেবেন।” সমাবেশে বিএনপি প্রার্থী আবুল কালাম সমর্থন প্রত্যাহারকারী তিন প্রার্থীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তবে এই আসনে এখনও মাঠে রয়েছেন জামায়াতে ইসলামীর সারোয়ার সিদ্দিকী, ইসলামিক ফ্রন্টের আবু বকর সিদ্দিকী, জাতীয় পার্টির গোলাম মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সেলিম মাহমুদ এবং সাংস্কৃতিক মুক্তিজোটের মিজানুর রহমান চৌধুরী।