শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে প্রবেশ করে ভাঙচুর ও এক শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগ রয়েছে জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীর বিরুদ্ধে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে আকবর আলী বলেন, 'ঘটনার বিষয়ে আমি অবগত নই। স্থানীয় মুরব্বিরা দাওয়াতপত্র নিয়ে কলেজে গিয়েছিলেন। এ সময় সংশ্লিষ্ট শিক্ষিকা তাদের উদ্দেশে প্রশ্ন তোলেন তারা অনুদান নিতে এসেছেন কিনা। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।'
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে কলেজের অধ্যক্ষ ও এক শিক্ষিকাসহ অন্তত পাঁচজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে কলেজ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।