শুক্রবার (৩ এপ্রিল) সকালে রাজৈরের পাইকপাড়া ইউনিয়নের নরেরকান্দি গ্রামে বাড়ির পাশে রসুন ক্ষেত থেকে লুকানো অবস্থায় ঝুনু বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি স্থানীয় অটোরিকশাচালক মিজানুর শেখের স্ত্রী এবং তিন কন্যা সন্তানের জননী।
গ্রেপ্তার হওয়া প্রধান আসামি তরিকুল ইসলাম ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রাজেশ্বরদী গ্রামের সিরাজ হাওলাদারের ছেলে।
নিহতের স্বামী মিজানুর শেখ বলেন, 'গত শুক্রবার সকালে আমার স্ত্রী রসুন টোকাতে গেলে একা পেয়ে তরিকুল ব্যভিচারের চেষ্টা করে। আমার স্ত্রী বাধা দিলে ধস্তাধস্তির সময় সে আমার স্ত্রীর ঘাড় মটকে হত্যা করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। সকল আসামির ফাঁসি চাই।'
রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিনুল ইসলাম বলেন, 'ঝুনু হত্যা মামলা রুজুর ১২ ঘণ্টার মধ্যে র্যাবের সহায়তায় কুষ্টিয়া সদর এলাকা থেকে মামলার প্রধান আসামি তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।'