শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার দাশের জঙ্গল বাজারের সোনালী ব্যাংক রোড এলাকায় গভীর রাতে টিনের চাল কেটে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (৭ জানুয়ারি) সকালে দোকান খুলে চুরির বিষয়টি টের পান দোকান মালিক। চোর চক্র ‘বাবা মার দোয়া ভ্যারাইটিজ স্টোর’ থেকে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। এ সময় ড্রয়ারের তালা ভেঙে সিগারেটগুলো লুট করা হয়।
দোকানটির মালিক সোহাগ খান জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে আনুমানিক দেড় লাখ টাকার সিগারেট ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়।
তিনি আরও জানান, প্রায় দুই বছর আগে একই কায়দায় তার দোকান থেকে লক্ষাধিক টাকার সিগারেট ও অন্যান্য মালামাল চুরি হয়েছিল।
এদিকে সম্প্রতি এলাকায় একের পর এক বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটায় দাশের জঙ্গল বাজারসহ আশপাশের এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উপজেলা সদরের ব্যবসায়ীরা চুরি প্রতিরোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা আর না ঘটে।
এ বিষয়ে গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।