রোববার (৫ এপ্রিল) সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে হাম ও রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, 'বর্তমানে বিশ্বব্যাপী সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান একটি কার্যকর ও পরীক্ষিত পদ্ধতি। বাংলাদেশও এ ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে এবং হাম-রুবেলার মতো ঝুঁকিপূর্ণ রোগ থেকে শিশুদের রক্ষা করতে এই বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে ইউনিসেফসহ বিশ্বের কয়েকটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা সহযোগিতা করছে।'
প্রতিমন্ত্রী এম এ মুহিত আরও বলেন, 'আজ থেকে শুরু হয়ে আগামী ২ মে পর্যন্ত চলমান এই কর্মসূচির আওতায় গাজীপুর জেলায় প্রায় ২৮ হাজার শিশুকে টিকা প্রদান করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে সকল শিশুকে টিকার আওতায় আনতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানাই।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর জেলা প্রশাসক নূরুল কবির ভূঁইয়া এবং পুলিশ সুপার শরিফ উদ্দীন। এছাড়াও অনুষ্ঠানে ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, 'হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো টিকা গ্রহণ করলে শিশুরা মারাত্মক ঝুঁকি থেকে রক্ষা পায়। তাই অভিভাবকদের সচেতন হয়ে তাদের সন্তানদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার আহ্বান জানাই।'
উল্লেখ্য, এই বিশেষ টিকাদান কর্মসূচির মাধ্যমে গাজীপুর জেলার প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও স্বাস্থ্যসেবার আওতায় আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।