গাজীপুরের শ্রীপুরে সাধারণ মানুষের রান্নার চুলা নিভিয়ে দিতে কৃত্রিমভাবে এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে চড়া দামে বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে শ্রীপুর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি এবং বৈধ কাগজপত্র না থাকায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাঁচটি মামলায় মোট ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (৪ জানুয়ারি) শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
অভিযানে দেখা যায়, কৃত্রিমভাবে গ্যাস সংকটের অজুহাত দেখিয়ে চড়া মূল্য নির্ধারণ করা হয়েছে। এই সুযোগে সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করা হচ্ছিল।
এছাড়া অভিযানে আরও ধরা পড়ে, কয়েকটি প্রতিষ্ঠানের কাছে এলপিজি ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় লাইসেন্স, অগ্নিনিরাপত্তা ছাড়পত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নেই। এসব অনিয়মের প্রেক্ষিতে সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ভোক্তাদের জিম্মি করে কেউ ব্যবসা করলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্ঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ।