ভুক্তভোগীর নাম নাঈম মাতুব্বর ওরফে হাবিব (৩৫)। তিনি ইতালিপ্রবাসী। অভিযুক্ত স্ত্রী শিউলি বেগমকে (২৯) ঘটনার পরপরই আটক করেছে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে দিয়াবাড়ি গ্রামের মরহুম রশিদ মাতুব্বরের ছেলে নাঈম মাতুব্বরের সঙ্গে একই গ্রামের হোসেন মাতুব্বরের মেয়ে শিউলি বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক নানা বিষয় ও পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল।
প্রায় চার মাস আগে ইতালি থেকে দেশে ফেরেন নাঈম মাতুব্বর। দেশে আসার পর স্ত্রীর সম্মতি ছাড়াই তিনি দ্বিতীয় বিয়ে করেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ আরও তীব্র হয়। ঘটনার রাতে তাদের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে শিউলি বেগম রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খাওয়ান। নাঈম অচেতন হয়ে পড়লে রাত আনুমানিক ৪টার দিকে ঘুমন্ত অবস্থায় তার গোপনাঙ্গে ব্লেড দিয়ে গুরুতর আঘাত করা হয়।
পরে পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও সার্জারি ইউনিটে পাঠানো হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।