প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে বিবিরপুকুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কাকুলীর মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে অগ্রসর হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের বহন করা ব্যানারে দাবিগুলো তুলে ধরা হয়। ব্যানারে দলটির শীর্ষ নেতাদের ছবিও দেখা যায়।
মিছিলে অংশ নেওয়া অধিকাংশের মুখে সার্জিক্যাল মাস্ক ও কালো কাপড় ঢাকা ছিল। অনেকের চোখে চশমা থাকায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। প্রায় ৩০ জন অংশগ্রহণকারী কিছু সময় সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার পর দ্রুত আশপাশের গলিতে ছড়িয়ে পড়ে এলাকা ত্যাগ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের এক সাবেক কাউন্সিলরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। তবে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনার সময় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি তেমন চোখে পড়েনি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে আকস্মিক এ কর্মসূচিকে ঘিরে নগরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও মিছিলকারীরা দ্রুত সরে পড়ে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।