বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে হালিশহর বড়পোল ইসহাক ডিপো সংলগ্ন টোল প্লাজা এবং সল্টঘোলা ক্রসিং এলাকায় সড়ক অবরোধ করে সংগঠনটির নেতাকর্মীরা। এতে বন্দরমুখী যানগুলো চলাচলে আংশিকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
স্কপ চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক রিজওয়ানুর রহমান খান বলেন, ‘বন্দর ইজারা বাতিল করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’
অবরোধ কর্মসূচি শুরু হওয়ার পর সকালে টোল প্লাজা এলাকা দিয়ে পণ্যবাহী ট্রাক, কনটেইনারবাহী ট্রেইলার ও যাত্রীবাহী যানবাহন চলছে ধীর গতিতে। এছাড়াও, সল্টঘোলা ক্রসিং এলাকায় কয়েকটি ট্রেইলার আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ড
এদিকে, এ কর্মসূচিতে পরিবহন শ্রমিকদের পাশাপাশি সাধারণ যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি।’
অবরোধের কারণে বন্দরের পণ্য পরিবহন কার্যক্রমে কিছুটা প্রভাব পড়তে পারে জানিয়েছেন সংশ্লিষ্টরা।বন্দর কর্তৃপক্ষ বলছে, বিকল্প রুট ব্যবহার করে জরুরি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা চলছে।