রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি কর্পোরেশন ১-৯ ওয়ার্ড) আসনে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের বাইরে টাকা বিতরণের অভিযোগে বিএনপি নেতা হাবিবুর রহমান রিপনকে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়। আটক হাবিবুর রহমান বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
এক ভোটার মাহমুদুল হক বলেন, 'ভোট দিতে গিয়েছিলাম, কেন্দ্রে তেমন বিশৃঙ্খলা দেখা যায়নি। তবে কেন্দ্রের বাইরে কিছু লোক টাকা বিতরণ করছিল। সেনাবাহিনী দ্রুত ব্যবস্থা নেয়ায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়নি।'
বেতগাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এনামুল হক বলেন, 'ঘটনাটি কেন্দ্রের বাইরে ঘটেছে। কেন্দ্রে ভোট সুষ্ঠু ও সুন্দরভাবে চলছে। বিস্তারিত জানার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।'
সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর আব্দুর মালেক বলেন, 'অর্থ বিতরণের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।'
সহকারী রিটার্নিং কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, 'এখন পর্যন্ত সেনাবাহিনী থেকে আটক হওয়া ব্যক্তির বিষয়ে আমাদেরকে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। আমরা কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সকল প্রস্তুতি নিয়েছি এবং ভোটের সঙ্গে জড়িত কোনো অনিয়মের বিষয়ে নজর রাখছি।'