সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৌরি রানী অধিকারী (৭৫) ওই এলাকার মৃত কালিপদ অধিকারীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে দীপ্তি অধিকারী তার মায়ের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে তাকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তার দেবর পবিত্র অধিকারী সেখানে গেলে দোতলায় গৌরি রানীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি দীপ্তিকে বিবস্ত্র অবস্থায় বাথরুমে বসে থাকতে দেখেন।
এলাকাবাসীর ধারণা, সোমবার রাতে দীপ্তি অধিকারী রান্নার কাজে ব্যবহৃত বটি দিয়ে তার মায়ের কপাল ও মাথার পেছনে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই গৌরি রানীর মৃত্যু হয়। মরদেহের পাশ থেকে বটির অংশও উদ্ধার করা হয়েছে।
কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্তকে আটক করেছে।