জানা যায়, উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামের ইদু হাওলাদার বাড়ির সামনে একটি মসজিদের পাশে মুসল্লিদের ব্যবহারের জন্য টয়লেটটি নির্মাণ করা হয়। ২০২৪-২০২৫ অর্থবছরে রাজস্ব তহবিলের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করে।
কাজ শেষে টয়লেটের দেয়ালে স্থাপন করা নামফলকে নির্মাণ ব্যয় উল্লেখ করা হয় ১ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৩ টাকা। এই অস্বাভাবিক ব্যয়ের তথ্য ঘিরে স্থানীয় কয়েকজন যুবক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
এরপর ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। অনেকেই সরকারি অর্থ অপচয়ের অভিযোগ তোলেন। আরিফুল নামের এক ব্যবহারকারী মন্তব্য করেন, 'সরকারি টাকা এভাবেই লুটপাট হচ্ছে।'
এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি আব্দুল করিম হাওলাদার জানান, টয়লেট নির্মাণে কত টাকা ব্যয় হয়েছে সে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। নামফলকে বড় অঙ্কের ব্যয় দেখে তারাও বিস্মিত হয়েছেন।
তবে বাউফল উপজেলা প্রকৌশলী আরজুরুল হক জানান, প্রকৃতপক্ষে টয়লেট নির্মাণে ব্যয় হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা ৯৩ পয়সা। নামফলক বানানোর সময় ভুলবশত কমা যুক্ত হওয়ায় এই বিভ্রান্তি সৃষ্টি হয়। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট নামফলক সংশোধন করা হয়েছে।
এদিকে, বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান ফিরোজ বলেন, একটি সাধারণ ভুলকে কেন্দ্র করে বিষয়টি অতিরঞ্জিত করা হয়েছে এবং একটি মহল এটি ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করেছে।