রাঙামাটি জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক কমিটি ঘিরে নেতাকর্মীদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার (২ মে) রাতে ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। পদ বণ্টনে অনিয়ম, অর্থের বিনিময়ে দায়িত্ব প্রদান এবং বিবাহিত ও অছাত্রদের কমিটিতে অন্তর্ভুক্তির অভিযোগ তুলে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা।

ক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, সাধারণ সম্পাদক পদে এমন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। এছাড়া কমিটিতে অছাত্র ও বিবাহিতদের অন্তর্ভুক্তিকেও তারা বিতর্কিত হিসেবে উল্লেখ করেন।
এরই ধারাবাহিকতায় রবিবার সকালে পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাঠালতলি বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অর্থের বিনিময়ে কমিটি গঠনের অভিযোগ তোলেন এবং বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ‘আইফোন লাগলে আইফোন নে, নতুন করে কমিটি দে’ স্লোগানটি বিশেষভাবে আলোচনায় আসে।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, 'দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।'