চট্টগ্রামে সাবেক শ্রমিকদল নেতা আজিজ উদ্দিনকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজিজ উদ্দিনের দাবি, তাকে হত্যার হুমকি দিয়েছেন চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ওরফে ইমন।
ছড়িয়ে পড়া অডিওতে শোনা যায়, ‘৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে মেরে ফেলব। তোর ভাইকে যেমন ১০ হাজার মানুষের মাঝখানে গুলি করে মেরেছি।’ আজিজ উদ্দিনের অভিযোগ, এই হুমকির পর তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
গত বছরের ৫ নভেম্বর চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার খন্দকারপাড়া এলাকায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগ চলাকালে গুলি চালায় সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই নিহত হন সরোয়ার হোসেন ওরফে বাবলা।
এ ঘটনায় পুলিশ ১৫ জনকে গ্রেফতার করলেও কে সারোয়ারকে গুলি করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, বাঁহাতি কোনো শুটার তাকে হত্যা করেছে।
আজিজ জানান, গত রোববার তার হোয়াটসঅ্যাপে প্রায় ২ মিনিট ৩০ সেকেন্ডের এই অডিও রেকর্ডটি পাঠানো হয়। আজিজ উদ্দিন বায়েজিদ বোস্তামী থানার শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক।
তিনি বলেন, 'আমার ভাই সরোয়ার হোসেনকে হত্যার পর থেকেই নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। শেষবারের মতো গত রোববার হুমকির শিকার হয়েছি। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।'
এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জানান, 'মোবারক হোসেনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। সে বিদেশি নম্বরের হোয়াটসঅ্যাপ ব্যবহার করে হুমকি দেওয়া সহ বিভিন্ন অপরাধে জড়িত।'
পুলিশ জানায়, মোবারক চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চনগরের মো. মুসার ছেলে। তার বিরুদ্ধে জোড়া খুন, ঢাকাইয়া আকবর হত্যা মামাসহ সাতটি মামলা রয়েছে। মোবারক পারদর্শী শুটার এবং তার কাছে ১৫–২০টি অস্ত্রের ছবি পুলিশের কাছে আছে। তিনি আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের অনুসারী। ছোট সাজ্জাদ বর্তমানে বিদেশে পলাতক থাকলেও তার বাহিনী চট্টগ্রামে অপরাধ চালাচ্ছে। মোবারক ও মোহাম্মদ রায়হান এই বাহিনীর নেতৃত্বে রয়েছেন এবং এখনও পলাতক।
আজিজ উদ্দিন ইতোমধ্যেই বিষয়টি মৌখিকভাবে বায়েজিদ বোস্তামী থানার ওসি ও নগর পুলিশের কমিশনারকে জানিয়েছেন।