ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২ হাজার ৫৮২ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মোট ৩ হাজার ৪০৭ জন। মনোনয়নপত্র দাখিলের শেষদিন এসব তথ্য জানান নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন।
তিনি জানান, রংপুর অঞ্চলের ৮ জেলার ৩৩টি আসনে ৩৩৮টি মনোনয়নপত্র বিতরণ করা হলেও জমা পড়েছে ২৭৮টি। রাজশাহী অঞ্চলের ৮ জেলার ৩৯টি আসনে ৩২৯টি মনোনয়নপত্র বিতরণ করা হয়, এর মধ্যে জমা পড়ে ২৬০টি। বরিশাল অঞ্চলের ৬ জেলার ২১টি আসনে বিতরণ করা হয় ২১২টি মনোনয়নপত্র, জমা পড়ে ১৬৬টি। ফরিদপুর অঞ্চলের ৫ জেলার ১৫টি আসনে বিতরণ করা হয় ১৬৫টি, জমা পড়ে ১৪২টি।
খুলনা অঞ্চলের ১০ জেলার ৩৬টি আসনে ৩৫৮টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছিল, এর মধ্যে জমা পড়েছে ২৭৬টি। ঢাকা অঞ্চলের ৬ জেলার ৪১টি আসনে ৬৩৮টি মনোনয়নপত্র বিতরণ করা হয়, জমা পড়ে ৪৪৪টি।
ময়মনসিংহ অঞ্চলের ৬ জেলার ৩৮টি আসনে ৪০২টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছিল, জমা পড়েছে ৩১১টি। সিলেট অঞ্চলের ৪ জেলার ১৯টি আসনে বিতরণ করা হয় ১৭৬টি মনোনয়নপত্র, জমা পড়ে ১৪৬টি। কুমিল্লা অঞ্চলের ৬ জেলার ৩৫টি আসনে বিতরণ করা হয়েছিল ৪৯৬টি, জমা পড়েছে ৩৬৫টি। চট্টগ্রাম অঞ্চলের ৫ জেলার ২৩টি আসনে বিতরণ করা হয় ২৯৩টি মনোনয়নপত্র, যার মধ্যে জমা পড়েছে ১৯৪টি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।