ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সাবেক নেতা তাসনিম জারা তার নির্বাচনি হলফনামায় আয় ও সম্পদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন।
নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী, তাসনিম জারা পেশাগতভাবে একজন চিকিৎসক। বাংলাদেশে চিকিৎসক পেশা থেকে তার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা। পাশাপাশি বিদেশ থেকে তিনি বছরে ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড আয় করেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ২৭ হাজার টাকা। এ হিসাবে তার মোট বার্ষিক আয় দাঁড়ায় প্রায় ১২ লাখ ৪০ হাজার ৫৯৭ টাকা।
হলফনামায় আরও উল্লেখ করা হয়, তার স্বামী খালেদ সাইফুল্লাহর বার্ষিক বিদেশি আয় ৩৯ হাজার ৮০০ ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫ লাখ ৫ হাজার টাকার সমপরিমাণ।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, তাসনিম জারার মোট ঘোষিত সম্পদের পরিমাণ ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা। গত বছরে তিনি আয়কর পরিশোধ করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা। তিনি কোনো বাড়ি, ফ্ল্যাট, কৃষিজমি বা অকৃষিজমির মালিক নন। ব্যাংকে তার সঞ্চয় মাত্র ২৬৪ টাকা।
হলফনামায় আরও বলা হয়েছে, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই এবং কোনো ঋণ, দায় বা সরকারি বকেয়াও নেই। গয়নার মূল্য তিনি ঘোষণা করেছেন ২ লাখ ৫ হাজার টাকা। নগদ অর্থ হিসেবে তার কাছে রয়েছে ১৬ লাখ টাকা এবং ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড। ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা রয়েছে ১০ হাজার ১৯ টাকা।
ব্যক্তিগত তথ্য অনুযায়ী, তাসনিম জারার জন্ম ৭ অক্টোবর ১৯৯৪ সালে। তিনি এমএসসি ডিগ্রিধারী। তার পিতার নাম ফখরুল হাসান এবং মাতার নাম আমেনা আখতার দেওয়ান। তিনি ঢাকার খিলগাঁও এলাকার চৌধুরী পাড়ার বাসিন্দা। তার স্বামী খালেদ সাইফুল্লাহ একজন উদ্যোক্তা ও গবেষক।