রোববার (২৫ জানুয়ারি) সকালে নগরীর র্যাডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে অনুষ্ঠিত হয় ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’। এতে চট্টগ্রাম ও আশপাশের ৫০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৪০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে তারেক রহমান বলেন, 'দেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তরুণ সমাজ। আগামী ১৫–২০ বছর এই ইয়ুথ ফোর্সই দেশের কর্মশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
প্রশ্নোত্তর পর্বে এক তরুণী প্রশ্ন করতে উঠে তাকে ‘স্যার’ সম্বোধন করলে তারেক রহমান হালকা হাসিতে বলেন, 'বয়সের হিসেবে চাইলে ‘আঙ্কেল’ বলা যেতে পারে, তবে সেটা খুব একটা পছন্দ না। ‘ভাইয়া ডাকলেই ভালো লাগবে।'
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী তাসনুভা তাসরিন তরুণ উদ্যোক্তাদের ঋণসংক্রান্ত জটিলতার কথা তুলে ধরে বিএনপি ক্ষমতায় এলে কী পদক্ষেপ নেওয়া হবে জানতে চাঈলে জবাবে তারেক রহমান বলেন, 'ব্যাংকঋণ পেতে নানা জটিলতা রয়েছে। নির্বাচিত হলে আইন সংশোধনের মাধ্যমে ক্ষুদ্র ও তরুণ উদ্যোক্তাদের সহায়তার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন চালুর বিষয়েও ভাবনা আছে।'
অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোর জলাবদ্ধতা নিরসনে খাল খননের ওপর জোর দেওয়া হবে। সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে বিএনপির।'
এদিকে, দীর্ঘ দুই দশক পর চট্টগ্রাম সফরে আসা তারেক রহমান আজ নগরীর পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন। এ উপলক্ষে ভোর থেকেই মাঠে নেতাকর্মীদের ঢল নামে। চট্টগ্রাম সমাবেশ শেষে তিনি ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোনাগাজী, দাউদকান্দি ও কাঁচপুরে ধারাবাহিক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।