প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যাত্রায় তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) যুক্তরাজ্যের লন্ডন থেকে যাত্রা করে সকালে তিনি সিলেটে পৌঁছান। তাকে বহনকারী উড়োজাহাজটি সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সিলেটে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। পোস্টে তিনি লেখেন, ‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে’।
এর আগে, বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ (বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার) হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে ফ্লাইটটি বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
এদিকে তারেক রহমানের সফরসঙ্গীদের মধ্যে আরও রয়েছেন বিএনপির মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যারিস্টার মাহবুবুর রহমান, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি এবং তাবাসসুম ফারহানা।