বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত পৌনে একটার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে উপস্থিত দলীয় নেতা–কর্মী ও স্থানীয় জনগণের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, 'দেশের কৃষকদের দীর্ঘদিনের সমস্যা সমাধান এবং পানির সংকট দূর করতে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি নতুন করে চালু করা প্রয়োজন।'
বিএনপির চেয়ারম্যান আরও বলেন, 'ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মা–বোন এবং কৃষকদের স্বাবলম্বী করে তোলা হবে। এসব উদ্যোগ বাস্তবায়নের সুযোগ দিতে জনগণের প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই।'
হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে তারেক রহমান বলেন, 'দক্ষিণ সুরমার মাটি থেকেই আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য বিএনপির নির্বাচনী কার্যক্রম শুরু হলো। আল্লাহর রহমতে ইনশা আল্লাহ এখান থেকেই দলের প্রচারণা এগিয়ে যাবে।'
দেশের ভবিষ্যৎ গড়তে তরুণদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'সিলেট অঞ্চলের অনেক মানুষ বিদেশে, বিশেষ করে লন্ডনে পাড়ি জমান। এ বাস্তবতায় যুবকদের দক্ষ করে তুলতে বিএনপি প্রতিটি জেলায় প্রশিক্ষণ কেন্দ্র ও বিদেশি ভাষা শেখানোর ব্যবস্থা করতে চায়।'
তারেক রহমান বলেন, ‘ডা. জুবাইদা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। এই পরিবারের একজন সদস্য হিসেবে আবারও আপনাদের কাছে আমার দাবি— ১২ তারিখে ইনশা আল্লাহ এই এলাকা থেকে ধানের শীষ জয়যুক্ত হবে। অতীতেও যেমন হয়েছে, ভবিষ্যতেও তেমনই হবে।’
বুধবার রাতে সিলেটে পৌঁছালে দলীয় নেতা–কর্মী ও স্থানীয় লোকজন তাকে ঘিরে ধরে ‘দুলাভাই দুলাভাই’ ও ‘দুলাভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দেন। এ সময় তিনি হাত নেড়ে উপস্থিতদের শুভেচ্ছা জানান।
পরে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া এবং ডা. জুবাইদা রহমানের পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।