শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক, বর্তমান কমিটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ ও আহসান হাবীব, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নূর উদ্দিন, উল্লাস মাহমুদ, আবু সাইদ রনি, রাকিব হোসেন সাক্ষর, রায়হান ইসলাম, মেহেদী হাসান, রিফাত হোসেন, আলামিন, জিন্নাত মালিহাত সীমা, উৎস, রেজাউল করিম রাকিবসহ অন্যান্য নেতাকর্মীরা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ছাত্রদল নেতারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসরদের হাতে শহীদ বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ড গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে জাতিকে মেধাশূন্য করার পরিকল্পিত উদ্দেশ্যে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। রাজাকার, আলবদর ও আল-শামসদের সহায়তায় পাকিস্তানি বাহিনী এই হত্যাকাণ্ড সংঘটিত করে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেটে ৫৬০ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা রয়েছে। এ তালিকা পূর্ণাঙ্গ করতে হবে। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”