গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. শামীম ওসমান (২৯)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার কিশোরপুর গ্রামের বাসিন্দা।
সিআইডির প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, শামীম ওসমান নিজেকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পরিচয় দিয়ে রাজশাহী জেলা প্রশাসকের কাছে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। বার্তায় তিনি উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য প্রদান করে দাবি করেন যে, রাজশাহীতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে গ্রেফতার করা যাবে না এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব নয়।
একই সঙ্গে তিনি জেলা প্রশাসকের কাছে মাসিক ‘কালেকশন’ সংক্রান্ত বিষয় উল্লেখ করে দ্রুত তার ব্যক্তিগত বিকাশ নম্বরে এক লাখ টাকা পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে সাইবার পুলিশ সেন্টার, সিআইডিকে অবহিত করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিপিসির একটি বিশেষ দল দ্রুত অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়।
সিআইডি সূত্র জানায়, গ্রেফতারকৃত শামীম ওসমানের বিরুদ্ধে আগেও একই ধরনের প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন। এছাড়া রাজশাহীর বাঘা থানায় তার বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানাও বিদ্যমান রয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং অভিযুক্ত ব্যক্তি অন্য কোনো সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা করেছে কি না—সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সাইবার পুলিশ সেন্টার, সিআইডি।