দেশীয় ঐতিহ্যবাহী রেশম শিল্পের উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রেশম খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। দারিদ্র্য হ্রাসে রেশম খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এ খাতের জনবলের অধিকাংশই গ্রামীণ দুস্থ নারী। এই শিল্পের উন্নয়ন হলে গ্রামীণ কর্মসংস্থান বাড়বে। এজন্য বিদেশি বিনিয়োগ আনতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
সোমবার (৩১ মার্চ) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর অফিসকক্ষে জাপানভিত্তিক প্রতিষ্ঠান অনোডা ইনক-এর নেতৃত্বে একদল প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রেশম খাতে জড়িত দুস্থ নারীদের ফ্যামিলি কার্ড সুবিধার আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট বন্ধ থাকা কারখানাগুলো চালু করতে সরকার উদ্যোগ নিয়েছে।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী রেশম শিল্পের উন্নয়ন ও বিকাশে ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক অধ্যাদেশে বাংলাদেশ রেশম বোর্ড গঠিত হয়। বর্তমানে দেশের ৩২ জেলার ৫২ উপজেলায় এর কার্যক্রম চলছে। রেশম সুতার মান উন্নয়নে আরও গবেষণার প্রয়োজন বলেও সংশ্লিষ্টরা মনে করছেন।