প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে অতন্দ্রানু রিপা নামের এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও বক্তব্য প্রচার করছেন এবং তাঁর চরিত্র হননের চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস উইং জানায়, অধ্যাপক আলী রীয়াজ ওই নারীকে চেনেন না এবং তাঁর সঙ্গে যোগাযোগ বা সম্পর্কের যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য।
বুধবার ‘মানহানিকর বক্তব্য প্রচার বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি’ শিরোনামে প্রকাশিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়। প্রেস উইংয়ের ভাষ্য অনুযায়ী, গত মঙ্গলবার থেকে ওই নারী সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন, যা সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
বার্তায় উল্লেখ করা হয়, অধ্যাপক আলী রীয়াজ এসব বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন, তাঁর বিরুদ্ধে প্রচারিত মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। তিনি অবিলম্বে এসব বক্তব্য প্রচার বন্ধ করার আহ্বান জানান। অন্যথায় মানহানি ও চরিত্র হননের অপচেষ্টার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
অধ্যাপক আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর। গত বছরের গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ছয়টি ক্ষেত্রে সংস্কার কমিশন গঠন করলে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পান তিনি। পরবর্তীতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি হিসেবে কাজ করেন এবং ছয় কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় আট মাস আলোচনা শেষে গত অক্টোবরে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করা হয়। ওই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে দুটি বিকল্প সুপারিশ জমা দিলে তার ভিত্তিতে আজ বৃহস্পতিবার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি করা হয়।