ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গতকাল শনিবার, ২০ ডিসেম্বর দাফন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাঁর শেষ বিশ্রামস্থল তৈরি করা হয়।
রোববার, ২১ ডিসেম্বর সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই হাদির কবর জিয়ারত করতে মানুষের ঢল নেমেছে। নিরাপত্তাজনিত কারণে অনেকেই সমাধিস্থলে প্রবেশ করতে না পারলেও কবরস্থানের ফটকের বাইরে দাঁড়িয়ে হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। কেউ দুহাত তুলে কান্নায় ভেঙে পড়েন, কেউ নীরবে কোরআনের আয়াত পাঠ করেন।
এর আগে শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর বড় ভাই আবু বকর সিদ্দিক জানাজায় ইমামতি করেন। পরে বিকাল ৩টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাঁকে সমাহিত করা হয়। এ সময় স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অশ্রুসজল চোখে হাদিকে শেষ বিদায় জানান। ব্যাপক জনসমাগমের কারণে অনেকেই কবরস্থানের বাইরে থেকেই দোয়া ও মোনাজাতে অংশ নেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে ব্যাটারিচালিত রিকশায় চলার সময় পেছন থেকে আসা একটি মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে তাঁর মরদেহ দেশে আনা হয়।