নির্ধারিত ম্যাচে দামাককে ৪-১ গোলে হারায় আল নাসর। শিরোপা নিশ্চিত করতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না, আর সেই চাপের মুহূর্তেই আবারও নিজের জাত চেনালেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো।
ম্যাচের ৩৪ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় আল নাসর। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান কিংসলে কোমান। তবে পেনাল্টি থেকে দামাক একটি গোল শোধ করলে কিছুটা উত্তেজনা তৈরি হয় ম্যাচে।
এরপর ৬৩ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন রোনালদো। পরে ৮১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে জয় ও শিরোপা নিশ্চিত করেন তিনি।
২০২২ সালে সৌদি ক্লাবে যোগ দেওয়ার পর এটাই রোনালদোর প্রথম বড় ঘরোয়া শিরোপা। এর আগে একাধিকবার ফাইনালে হতাশ হতে হলেও এবার আর খালি হাতে ফিরতে হয়নি তাকে।
এই দুই গোলের মাধ্যমে ক্যারিয়ারে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭৩। ফুটবল ইতিহাসে ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে এখন তার দরকার আরও মাত্র ২৭ গোল।