সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সম্প্রতি এ নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া, ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে কিছু ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিলযোগ্য থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক; জরুরি সেবায় নিয়োজিত যানবাহন; ঔষধ, চিকিৎসাসামগ্রী ও সংবাদপত্র বহনকারী গাড়ি এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
এছাড়া বৈধ টিকিট বা প্রমাণ প্রদর্শন সাপেক্ষে বিমানবন্দরে যাতায়াতকারী যানবাহন এবং দূরপাল্লার যাত্রী পরিবহনে নিয়োজিত যানবাহনও চলাচল করতে পারবে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের জন্য একটি করে ছোট আকারের যানবাহন রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শনের শর্তে ব্যবহারের সুযোগ থাকবে। সাংবাদিক, নির্বাচন কমিশনের অনুমোদিত পর্যবেক্ষক ও জরুরি কাজে ব্যবহৃত যানবাহনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে চলাচল করতে পারবে।
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নির্বাচন কমিশনের অনুমোদিত ব্যক্তিদের মোটরসাইকেল ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনায় নিয়ে বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহনও এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
জাতীয় মহাসড়ক, বন্দর ও আন্তঃজেলা কিংবা মহানগর সংযোগ সড়কে প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিলের ব্যবস্থা নেওয়া হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এদিকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী উল্লিখিত যানবাহন ছাড়া অন্যান্য যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিলের ক্ষমতা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের অর্পণ করা হয়েছে।