মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পরপরই গুলিবিদ্ধ শিশুটিকে আইসিইউতে নেওয়া হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক।
গুলিবিদ্ধ শিশুটির নাম হুজাইফা আফনান (৯)। সে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যাং ইউনিয়নের জসিম উদ্দিনের মেয়ে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শিশুটির অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ পরিবারটির বরাত দিয়ে জানিয়েছে, হুজাইফা স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গুলি তার মুখের এক পাশ দিয়ে ঢুকে মস্তিষ্কে প্রবেশ করেছে।
টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও আরসার মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। তিন দিন ধরে সীমান্তের ওপারে চলমান গোলাগুলির কারণে এপারের এলাকায়ও আতঙ্ক বিরাজ করছে।
এরই মধ্যে আজ সকাল ৯টার দিকে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যাং তেচ্ছাব্রিজ এলাকায় তৃতীয় শ্রেণির এই শিক্ষার্থী আহত হয়।
গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তা সঠিক ছিল না। এর আগে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন।