বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বৃহস্পতিবার রাত ৯টার আগে তারা হাসপাতালে আসেন।
১২ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় দেশজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। ৮০ বছর বয়সী এই নেত্রী দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা রোগে ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিক্যাল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে।
গত রবিবার ভোরে অবস্থার অবনতি হলে তাঁকে এইচডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। কাতারের আমির প্রদত্ত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।