শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত ওই নৈশভোজে হঠাৎ গুলির শব্দ শোনা গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
ঘটনার পর ট্রাম্প জানান, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নাম প্রকাশ করেনি।
এদিকে, ফক্স নিউজ ও নিউ ইয়র্ক পোস্টের কলামিস্ট ক্যারল মার্কোউইজ সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, আটক ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন (৩১), যিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা। ডানপন্থী ভাষ্যকার লরা লুমারও একই তথ্য শেয়ার করেছেন। যদিও এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, আটক ব্যক্তি ক্যালিফোর্নিয়ার একজন পুরুষ। প্রত্যক্ষদর্শীদের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, ঘটনাস্থলে পাঁচ থেকে আট রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। অনুষ্ঠানে প্রায় দুই হাজারের বেশি অতিথি উপস্থিত ছিলেন।
ঘটনার সময় উপস্থিত মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো জানান, গুলির শব্দ শোনার পর তাকে দ্রুত হলরুম থেকে বের করে আনা হয় এবং সিক্রেট সার্ভিস পুরো হোটেলের নিয়ন্ত্রণ নেয়। তিনি আরও জানান, ওয়াশিংটনের মেয়র মিউরিয়েল বাউজার ও পুলিশ প্রধান ঘটনাস্থলে যাচ্ছেন।
এ ঘটনায় ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প এবং জেডি ভ্যান্স অক্ষত রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।