মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, সরকারি সব হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ড স্থাপন করতে হবে। এসব ওয়ার্ডে ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।
এতে আরও বলা হয়, আইসোলেশন ওয়ার্ডে ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড দিতে হবে, যাতে রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত হয়।
রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন দর্শনার্থী বা অভিভাবক প্রবেশ করতে পারবেন বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ভর্তি রোগীদের তথ্য নিয়মিতভাবে প্রতিদিন এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) সার্ভারে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এ নির্দেশনা সারাদেশে হাম সংক্রমণ নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার অংশ হিসেবে দেখা হচ্ছে।