সোমবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বান্দরবান সফরে গিয়ে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, 'বিগত সময়ে অনুষ্ঠিত কিছু বিতর্কিত নির্বাচনের কারণে শুধু নির্বাচন কমিশন নয়, রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানই প্রশ্নবিদ্ধ হয়েছে। এবারের নির্বাচন সেই নেতিবাচক ধারণা ভাঙার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজে লাগাতে হবে।'
তিনি আরও বলেন, 'একটি সুষ্ঠু নির্বাচনের প্রধান পূর্বশর্ত হলো অনুকূল আইনশৃঙ্খলা পরিস্থিতি। এ ক্ষেত্রে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সার্বক্ষণিক দায়িত্ব পালনের পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সমন্বয়ের মাধ্যমে অন্যান্য বাহিনীকে কার্যকরভাবে সহায়তা করে পুলিশ।'
আগামী নির্বাচন যেন কোনোভাবেই বিঘ্নিত, ক্ষতিগ্রস্ত বা বিতর্কিত না হয়, সে বিষয়ে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'সৎ, নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করলেই একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব।'