শুক্রবার (১৯ ডিসেম্বর) পাঠানো এক শোকবার্তায় আ স ম আবদুর রব বলেন, শরীফ ওসমান হাদির মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিংবা গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে, তাহলে তা পরিস্থিতিকে অনাকাঙ্ক্ষিত ও বিপজ্জনক পথে ঠেলে দিতে পারে।
তিনি সাম্প্রতিক সময়ে ‘নিউ এজ’-এর সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।=
জেএসডি সভাপতি আরও বলেন, 'উদ্ভূত পরিস্থিতিতে যেন কোনোভাবেই মূল লক্ষ্য থেকে বিচ্যুতি না ঘটে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনো অবিবেচনাপ্রসূত পদক্ষেপ যাতে ছাত্র-জনতার মহান গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক অর্জনকে নস্যাৎ করতে না পারে, সেদিকেও গুরুত্ব দিতে হবে।'
জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আবেগ সংবরণ, ধৈর্য ধারণ এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে আ স ম আবদুর রব বলেন, বর্তমান সময় অত্যন্ত সংবেদনশীল। এই সময়ে দায়িত্বহীন আচরণ দেশ ও গণতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।