ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন অ্যারাইভাল ভিসা পেতে দীর্ঘ ভোগান্তির অভিজ্ঞতা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক চীনা ব্যবসায়ীর পোস্ট ভাইরাল হয়েছে। চীনের জিনজিয়াং আকিয়া স্পোর্টস কোং লিমিটেডের মালিক চার্লি তিয়ান তাঁর লিংকডইন প্রোফাইলে এই ক্ষোভ প্রকাশ করেন।
পোস্টে চার্লি তিয়ান জানান, চীনের গুয়াংজু থেকে ঢাকায় পৌঁছাতে বিমানে সময় লাগে মাত্র চার ঘণ্টা। কিন্তু বিমানবন্দরে নামার পর অন অ্যারাইভাল ভিসার আনুষ্ঠানিকতা শেষ করতে আরও এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। তিনি উল্লেখ করেন, গত তিন বছর ধরে এই পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
তার মতে, বিমানবন্দরের এই প্রক্রিয়া অত্যন্ত সময়সাপেক্ষ ও অদক্ষ। এর ফলে চীন থেকে আসা পর্যটক, বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বাংলাদেশে পা রাখার শুরুতেই ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ছেন।
চার্লি তিয়ান প্রশ্ন তোলেন, কোনো দেশ যদি বিদেশি বিনিয়োগ ও পর্যটন আকর্ষণে আগ্রহী হয়, তাহলে প্রবেশপথেই কেন এমন অদক্ষতা বড় বাধা হয়ে দাঁড়াবে।
পোস্টটির সঙ্গে তিনি ঢাকার বিমানবন্দরের অন অ্যারাইভাল ভিসা কাউন্টার ও ইমিগ্রেশন পুলিশের একটি ছবিও যুক্ত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই মন্তব্যে বিমানবন্দরের সেবার মান দ্রুত আধুনিক ও সময়োপযোগী করার দাবি জানান।